নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ‘দৈনিক দৃষ্টিপাত’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

বৃহস্পতিবার দুপুর ১টার পর ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার নিউরোসায়েন্স ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, বিগত ৫ বছর আগে তিনি সহধর্মিনীকে হারান।

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার মফস্বল সম্পাদক মোহাম্মদ আলী সুজন জানান, আগামীকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন কাশেমপুর মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জি এম নূর ইসলাম ৯০-এর দশকে খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক জন্মভূমি’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জগতে প্রবেশ করেন। পরবর্তীতে ২০০১ সালে তিনি ‘দৈনিক দৃষ্টিপাত’ পত্রিকা প্রকাশ করেন এবং তা সফলভাবে পরিচালনা করে আসছিলেন।

তিনি কেবল সাংবাদিকতায়ই নয়, সাতক্ষীরার সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনেও অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি জেলার জনপ্রিয় জাতীয় পত্রপত্রিকা পরিবেশক ও অন্যতম শীর্ষ এজেন্ট ছিলেন। সাতক্ষীরা বাসটার্মিনাল এলাকায় তাঁর মালিকানাধীন স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘ইসলাম ট্রেডার্স’ অবস্থিত।

ব্যবসায়িক পরিচিতির পাশাপাশি তিনি দীর্ঘদিন ‘সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটি’ এবং স্থানীয় ‘মসজিদে কুবা’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁকে হারিয়ে সাতক্ষীরার মিডিয়া ও নাগরিক সমাজে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। প্রবীণ এই মিডিয়া ব্যক্তিত্ব ও সম্পাদকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *