আব্দুর রহমান : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বর উপলক্ষে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর ও উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের নির্দেশনায় দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান, শিশুদের অংশগ্রহণে বৃক্ষরোপণ, দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল থেকেই জেলার বিভিন্ন বিদ্যালয় ব্যানার, পোস্টার ও জাতীয় পতাকায় সাজানো হয়। সাতক্ষীরা সদর উপজেলার টাউন সুলতানপুর, এল্লারচর, দক্ষিণ কাটিয়া, সিলভার জুবিলী মডেল ও পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়; শ্যামনগর উপজেলার নকিপুর ও হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়; কালীগঞ্জ উপজেলার মহৎপুর ও দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দেবহাটা উপজেলার পারুলিয়া, চ-ীপুর ও উত্তর আসকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলারোয়া উপজেলার রামভদ্রপুর, সোনাবাড়িয়া, দক্ষিণ ভাদিয়ালি, হিজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।

এদিকে জেলার অন্যান্য উপজেলাতেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তালা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, “৭ নভেম্বর জাতিকে এক কাতারে নিয়ে আসে। সিপাহী-জনতার সংহতি আর বিপ্লব আধিপত্যবাদী শক্তিকে পরাভূত করে। জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য তিনি শিক্ষকদের ধন্যবাদ জানান এবং এ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষকদের আন্তরিকতা ও অংশগ্রহণের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *