জি এম আমিনুল হক : আমার সাংবাদিকতার শুরু থেকে প্রিয় ভাই এড. আবুল কালাম আজাদকে অভিভাবক হিসেবে পেয়েছি সবসময়। তিনি আমার মতো অসংখ্য সাংবাদিক তৈরির কারিগর ও বাতিঘর হয়ে জ্বলজ্বল করে জ্বলছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রথিতযশা সাংবাদিক এড. আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন। সাংবাদিকতা জগতের উজ্জ্বল নক্ষত্র, অসংখ্য সাংবাদিক তৈরির কারিগর এড. আবুল কালাম আজাদ বর্তমানে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৬৭ সালের ২৪ নভেম্বর সাতক্ষীরা শহরের রাধানগর এলাকার এক প্রগতিশীল পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মরহুম অ্যাডভোকেট নেয়ামত উদ্দীন এবং মাতা জেলেখা বেগমের আট সন্তানের মধ্যে আবুল কালাম আজাদ ষষ্ঠ। শৈশব থেকেই যে পরিবেশে তিনি বড় হয়েছেন, সেখানেই গড়ে উঠেছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আর মানুষের পাশে থাকার মানসিকতা — যা পরে তাঁর সাংবাদিকতা ও সামাজিক জীবনের মূল চালিকাশক্তি হয়ে ওঠে।
শিক্ষাগত জীবনে এড. আবুল কালাম আজাদ ১৯৭২ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা শহরের কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর সাতক্ষীরা প্রাণ নাথ হাইস্কুলে মাধ্যমিক, খুলনা আযম খান কমার্স কলেজে উচ্চ মাধ্যমিক, সাতক্ষীরা সরকারি কলেজ ও সিটি কলেজে স্নাতক, খুলনা বিএল কলেজে স্নাতকোত্তর এবং সাতক্ষীরা ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
সাংবাদিকতায় তাঁর পথচলা শুরু ১৯৯০ সালে। এরপর ধারাবাহিকভাবে তিনি দৈনিক সাতক্ষীরা চিত্রের নির্বাহী সম্পাদক, দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক টেলিগ্রামের সাতক্ষীরা প্রতিনিধি এবং দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন খুলনা থেকে প্রকাশিত ঐতিহ্যবাহী দৈনিক পূর্বাঞ্চলে দায়িত্ব পালনের পর তিনি সাতক্ষীরার জনপ্রিয় আঞ্চলিক দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নেন। বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশনার মধ্য দিয়ে তিনি স্থানীয় সাংবাদিকতাকে জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সম্পৃক্ত রাখতে ভূমিকা রেখেছেন। তাঁর সাংবাদিকতার অন্যতম বৈশিষ্ট্য মানুষের সমস্যা, অধিকারবঞ্চনা ও স্থানীয় জনস্বার্থের বিষয়গুলোকে সব সময় গুরুত্ব দেওয়া।
সাংবাদিক নেতৃত্বের ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ইতোপূর্বে সাতক্ষীরার ঐক্যবদ্ধ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক হিসেবে কমপক্ষে সাতবার সফলভাবে দায়িত্ব পালন করেছেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবে তিনি স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য এবং অধিকার রক্ষায় বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। আর এভাবেই তিনি হয়ে উঠেছেন অসংখ্য সাংবাদিক তৈরির কারিগর — তাঁর হাতে গড়া সাংবাদিকেরা আজ সাতক্ষীরাসহ দেশের নানা প্রান্তে কাজ করছেন।
সাংবাদিকতার পাশাপাশি নাগরিক অধিকার, মানবাধিকার, পরিবেশ সুরক্ষা, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে জেলার নাগরিক সমাজে একটি পরিচিত অবস্থানে নিয়ে গেছে। আশির দশকের মাঝামাঝি সময় থেকে সাতক্ষীরার মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী উত্তাল দিনগুলোতে গণতন্ত্রের মুক্তির লড়াইয়ে রাজপথের তপ্ত মিছিলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
সাতক্ষীরার ঐতিহাসিক ভূমিহীন আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক আবুল কালাম আজাদ। তিনি দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সংগ্রাম সমন্বয় কমিটির সদস্য সচিব ছিলেন। এছাড়া ইসলামপুর চর আন্দোলনসহ সাতক্ষীরার খাস জমির লড়াই, সাতক্ষীরার জলাবদ্ধতা, বীর মুক্তিযোদ্ধা স. ম. আলাউদ্দীন হত্যার বিচার আন্দোলন, সন্ত্রাসী-চোরাকারবারি-গডফাদারবিরোধী আন্দোলন, দুর্নীতিবিরোধী আন্দোলন এবং স্বাধীনতাবিরোধী অপশক্তি ও মৌলবাদ-জঙ্গিবাদবিরোধী নানা আন্দোলনসহ বিভিন্ন নাগরিক ইস্যুতে তাঁর অবদান অসামান্য। ভূমিহীন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের কারণে ১৯৮৮ সালের ৪ অক্টোবর থেকে প্রায় এক বছর তিনি কারাভোগ করেন।
বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের সভাপতি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব হিসেবে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির কাজেও তিনি যুক্ত। এছাড়া টিআইবির অনুপ্রেরণায় গঠিত সনাক-সাতক্ষীরার সভাপতি, কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহসভাপতি, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
উপকূলীয় জনপদের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, নদী ও পরিবেশের সংকট এবং সুন্দরবন সংরক্ষণের বিষয়েও তিনি দীর্ঘদিন ধরে সোচ্চার। দক্ষিণ-পশ্চিম উপকূলের জেলা সাতক্ষীরা প্রাকৃতিক দুর্যোগ, জলাবদ্ধতা, লবণাক্ততা, নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে জর্জরিত — এই জনপদের মানুষের জীবনসংগ্রামের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে আবুল কালাম আজাদের দীর্ঘ কর্মজীবন।
আমার কাছে তিনি শুধু একজন জ্যেষ্ঠ সাংবাদিক নন — প্রিয় অভিভাবক,আমার সাংবাদিকতার আইডল। সাংবাদিকতা জগতের উজ্জ্বল নক্ষত্র হিসেবে তিনি যেমন আলো ছড়িয়েছেন, তেমনি সাংবাদিক তৈরির কারিগর হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলেছেন। তাঁর কাছ থেকে শিখেছি — সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের পেশা নয়, এটি সমাজের অসঙ্গতি তুলে ধরা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। নতুন প্রজন্মের সাংবাদিক ও সমাজকর্মীদের কাছে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত নিষ্ঠা এবং নাগরিক আন্দোলনে সম্পৃক্ততা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
জন্মদিন ব্যক্তিগত আনন্দের পাশাপাশি একজন মানুষের কর্ম, আদর্শ ও সমাজে তাঁর অবদানের মূল্যায়নেরও উপলক্ষ। আবুল কালাম আজাদের জন্মদিনে তাঁর দীর্ঘ কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রত্যাশা — আগামী দিনগুলোতেও তিনি সুস্বাস্থ্য, সুস্থতা ও প্রাণশক্তি নিয়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন। উপকূলের মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এই জ্যেষ্ঠ সাংবাদিকের কলম ও কণ্ঠস্বর সত্য, ন্যায়, মানবিকতা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে আরও দীর্ঘদিন প্রেরণা জোগাক। শুভ জন্মদিন, আবুল কালাম আজাদ।
লেখক: জি এম আমিনুল হক নিজস্ব প্রতিনিধি, দৈনিক পত্রদূত ও সভাপতি বিডিএফ প্রেসক্লাব







