নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল পাঁচটায় জেলা নাগরিক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা সাতক্ষীরা শহরের নাজমুল স্বরণীতে অবস্থিত ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল।
সভা পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুল। সভায় উপস্থিত বক্তারা বলেন, বিগত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে সাতক্ষীরা পৌরসভার অন্তর্গত ৯টি ওয়ার্ডসহ সদর উপজেলার অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অনেক বাড়ির আঙিনা থেকে শুরু করে বসতঘরের ভেতর পর্যন্ত পানি ঢুকে পড়ায় জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
আলোচনায় বক্তারা জানান, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণেই প্রতি বর্ষা মৌসুমে এমন পরিস্থিতি তৈরি হয়। তাই তারা দাবি জানান, পৌর কর্তৃপক্ষ যেন অবিলম্বে গভীর ঢালাই ড্রেন নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। এ লক্ষ্যে আগামী রোববার, ২০ জুলাই, জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা পৌরসভায় একটি দাবিনামা পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
একইসঙ্গে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজটের কারণে জনসাধারণের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেনরী সরদার, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, ভুমিহীন নেতা আব্দুস সামাদ, জাসদের সুধাংশু শেখর সরদার, উদীচী সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, অধ্যাপক ইদ্রিস আলি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সমিতির জেলা সেক্রেটারি স্বপন শীল, সাংবাদিক জহুরুল কবীর, সিপিবির সভাপতি কমরেড আবুল হোসেন, বাসদের নিত্যানন্দ সরকার, অধ্যাপক পবিত্র মোহন দাশ, রেজাউল করিম রেজা, এ্যাড. আবুল কালাম প্রমুখ।







