খুলনা, ০৭ জ্যৈষ্ঠ (২১ মে) : সোশ্যাল কোহেশন নেটওয়ার্ক (এসসিএন) এর পক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজের সক্ষমতা শক্তিশালীকরণ প্রশিক্ষণের মডিউল উন্নয়ন কর্মশালা আজ (বৃস্পতিবার) খুলনা রূপান্তর সংস্থার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

অতিথিরা বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠা, সহনশীলতা বৃদ্ধি এবং সামাজিক সংহতি জোরদার করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। সাম্প্রতিক সময়ে ডিজিটাল গুজব, ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার ফলে সমাজে অবিশ্বাস, বিভাজন ও উত্তেজনা বাড়ছে। অনেক ক্ষেত্রে এসব পরিস্থিতি সংঘাতের দিকেও রূপ নিচ্ছে। তাই সময়োপযোগী আগাম সতর্কতা ব্যবস্থা, দায়িত্বশীল তথ্য ব্যবস্থাপনা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

তারা আরও বলেন, এসসিএন মূলত সিভিল সোসাইটি, যুবসমাজ এবং স্থানীয় কমিউনিটিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। সংগঠনটি ডিজিটাল লিটারেসি বৃদ্ধি, ভুয়া তথ্য প্রতিরোধ, কমিউনিটি-নেতৃত্বাধীন সংঘাত নিরসন এবং কার্যকর আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি সরকার, গণমাধ্যম, একাডেমিক ও বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও সমন্বিত উদ্যোগকে এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

কর্মশালায় জানানো হয়, সোশ্যাল কোহেশন নেটওয়ার্ক (এসসিএন) একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বর্তমানে দেশের আটটি বিভাগ ও ২৭টিরও বেশি জেলায় ৪১টি সিভিল সোসাইটি সংগঠন এ নেটওয়ার্কের মাধ্যমে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করছে, যেখানে রূপান্তর সেক্রেটারিয়েট হিসেবে দায়িত্ব পালন করছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এ নেটওয়ার্ককে ‘সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক সংগঠনের সক্ষমতা বৃদ্ধি’ নামক প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করছে।

কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. খান মেহেদী হাসান, সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. তুহিন রায়, অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শেখ ফয়জান বিন হালিম, নর্থ ওয়েস্টার্ন ইউনিভাসিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মারুফুর রহমান, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক তানভীর হোসাইন, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের প্রভাষক মুমতাহেনা ফেরদৌসী, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, সাতক্ষীরা অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো: আব্দুস সবুর বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *