নিজস্ব প্রতিনিধি : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়ন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বিনেরপোতা মহাশ্মশান কালীমন্দির চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লাবসা ইউনিয়ন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক দীবস চন্দ্র রায়’র সভাপতিত্বে ও রনজিৎ ঘোষের সঞ্চালনায় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক লাবসা ইউপির প্যানেল চেয়ারম্যান বিশ্বনাথ মন্ডল, ৮নং ওয়ার্ডের সদস্য নজিবুর রহমান টুটুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন জন্মাষ্টমী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক অীমত চক্রবর্তী, যুগ্ম আহবায়ক সুরেন্দ্র নাথ বিশ্বাস, সদস্য সচিব অসীম কর্মকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, “হিন্দু-মুসলিম আমরা ভাই ভাই। সবাই মিলেমিশে সমাজ গড়ব। আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। দেশ আজ গণতন্ত্রহীনতায় ভুগছে। জনগণের অধিকার নিশ্চিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালনের সুযোগ নিশ্চিত করবে।”
তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাতক্ষীরা সদর-২ আসনে যাকে মনোনয়ন দিবেন আমরা সকলে এক্যবদ্ধ হয়ে সেই প্রার্থী কে ধানেরশীষ প্রতিককে বিজয়ী করবো। এদিকে লাবসা ইউনিয়ন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উন্নয়নে লাবসা ইউপি চেয়ারম্যান ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা সহযোগিতা করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসাস এর সভাপতি জিল্লুর রহমান, সাতক্ষীরা পৌর ছাত্রদল যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল আমিন এবং জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সম্রাট প্রমুখ। এর আগে সকাল ৯টা থেকে লাবসা ইউনিয়নের মাগুরা, গোপীনাথপুর, দেবনগর, রাজনগর, মথুরাপুর, থানাঘাটা, বিনেরপোতা, খেজুরডাঙ্গা গ্রামের সকল পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং সকল বয়সী হাজার-হাজার নারী-পুরুষ ভক্তরা বিনেরপোতা মহাশ্মশান চত্ত্বরে সমবেত হয়। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বেলা ১২টার দিকে বিনেরপোতা মহাশ্মশান চত্ত্বর থেকে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু বিনেরপোতা মাছবাজার, মেঘনা মোড়, বিসিক মোড়, ঋশিল্পীমোড়, তালতলা স্কুল মোড়, মিলবাজার প্রদক্ষিণ করে মাগুরা দাসপাড়া পূজা মন্দির চত্ত্বরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।







