কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ– আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মো. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বাস টার্মিনাল সংলগ্ন তারালি রাস্তার মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মনোনয়ন চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মানববন্ধনে বক্তারা বলেন, জনগণের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, ঘরে ফিরব না। আমাদের একটাই দাবি ডা. শহিদুল আলমকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিতে হবে। বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলে। নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি’নেতা আজিজুর রহমানের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভরবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাবু, সাবেক দপ্তর সম্পাদক খায়রুল আলম, ইউপি সদস্য হাসান আলী, নলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু আহমেদ জাকির, শ্রমিক দলের নেতা সেলিম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মানুষের পাশে সব সময় ছিলেন ডা. শহিদুল আলম। এমন নেতাকে মনোনয়ন না দেওয়া বিএনপি নেতাকর্মীদের হৃদয়ে ক্ষোভের সৃষ্টি করেছে। দলকে জনমানুষের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *