কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ঘের ব্যবসায়ী। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কুকোডাঙ্গা-হরিণাডাঙ্গা এলাকার বিলগুল্লের বিলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুল ইসলাম বিশে গাজীর ছেলে ও ওই এলাকার বাসিন্দা।

দীর্ঘদিন ধরে বিলগুল্লের বিলে ১১ বিঘা জমি লিজ নিয়ে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। তাঁর অভিযোগ,গত ৮ অক্টোবর গভীর রাতে দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ঘেরের বিভিন্ন প্রজাতির মাছ মরে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। মাছ মরে যাওয়ায় আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগী সাইফুল ইসলাম। তাঁর মতো একজন দিনমজুর ও ক্ষুদ্র ঘের ব্যবসায়ীর জন্য এ ক্ষতি বড় ধরনের আর্থিক বিপর্যয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামানও ঘটনাস্থলে যান। ঘেরটিতে কীভাবে বিষ প্রয়োগ করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। তবে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ বা আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *