নিজস্ব প্রতিনিধি : শহিদ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে এবং সারাদেশে সাম্প্রতিক ধারাবাহিক সহিংসতার প্রতিবাদে উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের উদ্যোগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা এগারোটায় সাতক্ষীরা শহরের পোষ্ট অফিস মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে উদীচী, ছায়ানট, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, উদীচী সাতক্ষীরার উপদেষ্টা শিক্ষাবিদ আব্দুল হামিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী সাতক্ষীরার সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে ও সদস্য রুবেল গাইন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, বিএনপির সিনিয়র নেতা সৈয়দ ইফতেখার আলি, মো. হাবিবুর রহমান হবি, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, উদীচী সাতক্ষীরার সহসভাপতি ও সিপিবির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, জেলা মন্দির সমিতির সভাপতি সোমনাথ ব্যানার্জি, গণফোরামের নেতা আলি নুর খান বাবুল, অ্যাডভোকেট খগেন্দ্র নাথ ঘোষ, জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, বাসদের নেতা আব্দুল জব্বার মাস্টার, জেলা জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন সাতক্ষীরার সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খান, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগমসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুভাস সরকার, উদীচীর সদস্য ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সেক্রেটারি সাংবাদিক মুনসুর রহমান।
বক্তারা বলেন, শহিদ ওসমান হাদীর মৃত্যুর সঙ্গে জড়িত হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি উদীচী, ছায়ানট, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে এ ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশবাসীর মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে। একটি উগ্রপন্থি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন ব্যাহত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা গণতন্ত্র, মুক্তচিন্তা ও সাংস্কৃতিক চর্চার জন্য মারাত্মক হুমকি এবং দেশ ও রাষ্ট্রের জন্য অশুভ সংকেত।
সমাবেশ ও মানববন্ধন থেকে অবিলম্বে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম ও প্রগতিশীল মানুষের ওপর হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।







