নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের চৌদালীপাড়ায় ‘পিছিয়েপড়া প্রান্তিক জনগোষ্ঠীর সমাবেশ ও শিশু সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রান্তিক শিশুদের অধিকার সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বারোপ করা হয়। বৈকারী ইউনিয়নের কাথন্ডা বাজার সংলগ্ন চৌদালীপাড়ায় আয়োজিত এই সমাবেশে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মোঃ রাজীবুল ইসলাম, ব্রেকিং দ্য সাইলেন্স-এর জেলা ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, বৈকারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব মনতোষ সাধু, সাংবাদিক মোঃ আসাদুজ্জামান সরদার এবং জাতীয় মানবাধিকার কমিশনের জেলা সদস্য মোঃ সাকিবুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা জরুরি। শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ রোধ, মাদক বর্জন এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন।
অন্যদিকে, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিগণ শারীরিক সচেতনতা ও সামাজিক অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান। মানবাধিকার কমিশনের প্রতিনিধি প্রান্তিক মানুষের মৌলিক অধিকার রক্ষায় কমিশনের তৎপরতার কথা উল্লেখ করেন। স্থানীয় বৈকারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে ইউনিয়নের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিশু অংশগ্রহণ করে। সমাবেশ শেষে শিশুদের মাঝে সচেতনতামূলক বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।







