নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি মোঃ আবু হাসান তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টায় সাতক্ষীরা সদরের বিডিএফ (ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী) প্রেস ক্লাবে এ সংবাদের প্রতিবাদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৪ এপ্রিল ব্রহ্মরাজপুর এলাকায় ভাই ভাই ফিলিং স্টেশনের এক কর্মচারী আসমাতুল্লাহকে কেন্দ্র করে পেট্রোল নেওয়ার ঘটনাকে ঘিরে কিছু অনলাইন মিডিয়া ও পত্রদূতসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি স্পষ্টভাবে দাবি করেন, উক্ত ঘটনার সাথে তার কোনো প্রকার সম্পৃক্ততা নেই এবং প্রচারিত ভিডিওতে তাকে জড়ানো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
এসময় তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন।
এসময় উপস্থিত ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক আ. শাহাদাৎ হোসেন বাবু, সহ-সভাপতি জি. এম. আমিনুল হক, সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী ও আবু সাইদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।







