তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপির সঙ্গে তালা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ জান্নাতুল আফরোজ স্বর্ণা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি ইজ্জত উল্লাহ।

বক্তব্যে তিনি বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধি একে অপরের পরিপূরক। সবাইকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। নবাগত ইউএনওসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে তালা উপজেলাকে একটি স্মার্ট ও আদর্শ মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল যেন প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে—এ লক্ষ্যেই সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি হাসপাতালের সেবার মান উন্নয়ন, সমাজসেবামূলক কাজে জনভোগান্তি কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জেলা সহ-সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া কৃষি, স্বাস্থ্য, মৎস্য, প্রাণিসম্পদ, পল্লী উন্নয়ন, যুব উন্নয়ন, পরিকল্পনা, জনস্বাস্থ্য প্রকৌশল, আনসার ও ভিডিপি, নির্বাচন এবং সমাজসেবা বিভাগের কর্মকর্তারাও সভায় অংশ নেন।

এদিকে তালা ও পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *