জি এম আমিনুল হক : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদের পাশের সাড়ে ছয়শ ফুট এই রাস্তাটিতে দেশ স্বাধীনের ৫৫বছরেও সংস্কার করা হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, ধুলিহর ইউনিয়ন পরিষদ থেকে মাত্র দুইশ গজ দুরে সানাপাড়ার নজরুল ইসলামের বাড়ি থেকে হাবিব মাষ্টারের বাড়ি পর্যন্ত মাত্র সাড়ে ছয়শ ফুট দৈর্ঘের এই রাস্তাটি দুই পাশের পিচের রাস্তার সাথে সংযুক্ত আছে। কিন্তু রাস্তাটি কখনো সংস্কার কিংবা মাটি ভরাট না করায় বর্তমানে দুই পাশের রাস্তা থেকে ৩/৪ফুট নিচু হয় গেছে। এতে করে সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে হাঁটু পর্যন্ত পানি জমে যায়।
ফলে রাস্তার পাশে বসবাসকারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া এই রাস্তাটি বছরের অর্ধেকেরও বেশি সময় পানিতে ডুবে থাকে বলে স্থানীয় গণমাধ্যমকর্মী শরীফুল আলম রানা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম ও আব্দুল হামিদসহ একাধিক ব্যক্তি জানান- আমরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছি। আমাদের মত অবহেলিত রাস্তা আর কোথাও নেই। সরকার আসে সরকার যায়। কিন্তু আমাদের রাস্তার কোন উন্নতি হয়না। ভুক্তভোগী এলাকাবাসী অবিলম্বে রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।







