খুলনা, ২৭ বৈশাখ (১০ মে) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী আজ (রবিবার) খুলনা ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিলো: ‘রবীন্দ্রনাথের কৃষি দর্শন’।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে রবীন্দ্রনাথের ভূমিকা বিশ্লেষণ করলে, আজও তার প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যায়। পল্লী সমাজের বৈষম্য দূরীকরণে তিনি নওগাঁর পতিসরে সমবায় কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন। তারা আরও বলেন, বিশ^কবি তাঁর ছেলে ও জামাতাকে পাশ্চাত্যে কৃষি বিষয়ক উচ্চ শিক্ষা গ্রহণের জন্য পাঠান এবং দেশে ফিরলে তাদেরকে শিলাইদহে আধুনিক কৃষি কাজে নিয়োজিত করেন। এছাড়া, তিনি বিদেশ থেকে উচ্চফলসশীল ফসলের বীজ ও আধুনিক কৃষি যন্ত্র এনে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে স্মারক বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মোঃ আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *