আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার, মোঃ আবদুস সামাদ, বিভিএম, পিভিএমএস বাগেরহাট জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, উন্নয়ন কার্যক্রম এবং আনসার ক্যাম্প ১২ মে ২০২৬খ্রিঃ (মঙ্গলবার) পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বাহিনীর সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন এবং চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের শুরুতে রেঞ্জ কমান্ডার বাগেরহাট জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, জেলা কার্যালয়ের চলমান নির্মাণ কার্যক্রম ঘুরে দেখেন। তিনি নির্মাণ কাজের গুণগত মান, সময়মতো কাজ সম্পন্ন এবং আধুনিক ও কার্যকর অবকাঠামো নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় বাগেরহাট জেলা কমান্ড্যান্ট মোঃ শরিফুল ইসলাম ও বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে তিনি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, বাগেরহাট সদর শাখা পরিদর্শন করেন। সেখানে ব্যাংকের সার্বিক কার্যক্রম, সদস্যদের ঋণ সুবিধা, সঞ্চয় কার্যক্রম এবং আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এছাড়াও রেঞ্জ কমান্ডার বাগেরহাট জেলার বিভিন্ন আনসার ব্যাটালিয়নের ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্পে অবস্থানরত সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ব পালনের মান, আবাসন ব্যবস্থা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি সদস্যদের মনোবল বৃদ্ধি ও পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড,রামপালের কর্মকর্তাদের সাথে শৃংখলা, প্রশাসন ও নিরাপত্তা সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন এবং উক্ত তাপবিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বরত ব্যাটালিয়ন আনসার ও সাধারণ আনসার ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত সদস্যদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি সংশ্লিষ্ট সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরে তিনি মোংলা বন্দর ও ইপিজেড আনসার ক্যাম্প পরিদর্শন করেন এবং মোংলা বন্দর ও ইপিজেড এর কর্মকর্তাদের সাথে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় করেন । ক্যাম্পে আনসার সদস্যদের দায়িত্ব ও কর্তব্য পালনের উপর দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

পরিদর্শন শেষে রেঞ্জ কমান্ডার বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি বাহিনীর সকল সদস্যকে সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *