কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সরকারি ‘বীর নিবাস’ পাইয়ে দেওয়ার নামে এক বীর মুক্তিযোদ্ধা ও প্রথিতযশা সাংবাদিকের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক আব্দুল হাকিমের বিরুদ্ধে। বর্তমানে চরম অর্থকষ্টে থাকা বয়োবৃদ্ধা আলেয়া বেগম তার আত্মসাৎকৃত ১ লাখ ৬০ হাজার টাকা ফেরত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক রজব আলীর পরিবারকে সরকারি ‘বীর নিবাস’ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দেন চেয়ারম্যান আব্দুল হাকিম। পরে ওই পরিবারের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। কিন্তু পরবর্তীতে সরকার বিনামূল্যে ঘর বরাদ্দ দিলেও নেওয়া টাকা আর ফেরত দেওয়া হয়নি বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

এদিকে, আলেয়া বেগমের বড় ছেলে কেএম আমিনুর রহমান সম্প্রতি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্বামী ও উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন এই বৃদ্ধা। প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্যও তার নেই বলে জানান তিনি।কান্নাজড়িত কণ্ঠে আলেয়া বেগম বলেন, সরকার আমাকে বিনামূল্যে ঘর দিয়েছে। তাহলে চেয়ারম্যান কেন আমার ছেলের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নিয়েছিল? আজ আমার ওষুধ কেনার টাকা নেই। আমি আমার টাকা ফেরত চাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই ধরনের অভিযোগে আরও কয়েকটি মুক্তিযোদ্ধা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে অনেকেই ভয়ে প্রকাশ্যে কথা বলতে চান না বলেও দাবি স্থানীয়দের।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আব্দুল হাকিম সব অভিযোগ অস্বীকার করে বলেন,
এসব তথ্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং ভুক্তভোগী পরিবারের টাকা ফেরত নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *