বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (৩ জুন) ভোরে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মোঃ গোলাম রাব্বানীর ছেলে মোঃ মহিউদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মোঃ শাহীন (২৮)।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ভোররাত আনুমানিক দুইটার দিকে মহিউদ্দিন ও শাহীন ভারতের সীমান্ত পার হয়ে কালিন্দি নদী সাঁতরে কালিগঞ্জের বসন্তপুর ঘাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালালে তারা দুজনই গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন।
পরে রাত সোয়া তিনটার দিকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবণতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পেশায় রাজমিস্ত্রি মহিউদ্দিন ও শাহীন প্রায় এক বছর আগে অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতের কলকাতায় যান। সেখান থেকে তারা তামিলনাড়ু রাজ্যে গিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করেন। আজ ভোরে একই উপায়ে সীমান্ত পেরিয়ে তারা নিজ বাড়িতে ফিরছিলেন।
তবে এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের কোন কোন বক্তব্য পাওয়া যায়নি।







