মেহেদী হাসান শিমুল : বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশজুড়ে যখন উৎসবের আমেজ, তখন সেই উন্মাদনার ছোঁয়া লাগে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নেও। শনিবার (২৭ জুন) বিকেলে ব্রহ্মরাজপুর ডি.বি. ইউনাইটেড হাই স্কুল মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ব্রহ্মরাজপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা নিজ নিজ দলের জার্সি পরে মাঠে নামেন। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। শত শত দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন রায়হান হোসেন এবং ম্যানেজারের দায়িত্ব পালন করেন রিপন মোড়ল। অপরদিকে ব্রাজিল দলের নেতৃত্ব দেন বিশিষ্ট ক্রীড়াবিদ শামসুর আরেফিন রানা। দলের ম্যানেজার ছিলেন আরিফুল ইসলাম।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। টাইব্রেকারে ব্রাজিল ৪-২ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে বিজয় অর্জন করে।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন হোসেন আলী। সহকারী রেফারি ছিলেন মিজানুর রহমান ও মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি. ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল। তিনি খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সুস্থ বিনোদনের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজনের মাধ্যমে ক্রীড়ার প্রতি তরুণদের আগ্রহ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।







