নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ।
অভিনন্দন বার্তায় আলহাজ্ব আব্দুর রউফ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দক্ষতার মাধ্যমে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তাঁর নেতৃত্বে দেশের গণতন্ত্র, আইনের শাসন ও জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে। একই সাথে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন আলিপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।







