নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে ৫৫টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, বর্তমান সরকার সনাতন ধর্মাবলম্বীদের ভোট ও সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। তিনি নির্বাচনে বিজয়ী হতে না পারলেও এলাকার মানুষের পাশ থেকে সরে যাননি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নিজের নির্বাচনে পরাজয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দলের অভ্যন্তরীণ বিভক্তি ও বিদ্রোহী প্রার্থীর কারণে তিনি পরাজিত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান উভয় প্রার্থীকে ডেকে তাঁকে মনোনয়ন দিয়েছিলেন এবং অন্য প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। তবে সেই আহ্বান উপেক্ষা করায় নির্বাচনে তাঁকে পরাজয় বরণ করতে হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

কাজী আলাউদ্দীন আরও বলেন, হিন্দু-মুসলমান আমরা সবাই ভাই ভাই। আমি নির্বাচিত হই বা না হই, কখনো সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি, ভবিষ্যতেও যাব না।‌ তিনি জানান, ইতোমধ্যে বর্তমান সরকারের মাধ্যমে উপজেলার ৪৬টি মন্দিরের উন্নয়নে বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। বাকি মন্দিরগুলোর উন্নয়নেও পর্যায়ক্রমে বরাদ্দের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

তিনি সনাতন ধর্মাবলম্বীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার পর্যায়ক্রমে তৃণমূলের মানুষের কল্যাণে কাজ করছে। সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ইতোপূর্বে ৫০০ কেজি করে চাল দেওয়া হতো, মাননীয় প্রধানমন্ত্রী আরো ১০০ কেজি করে চাল বাড়িয়ে দিয়েছেন। এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিগঞ্জ উপজেলার ৫৫টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে সরকারি বরাদ্দের চাল দেওয়া হয়েছে। সে হিসাবে মোট ৩৩ হাজার কেজি বা ৩৩ মেট্রিক টন চাল বরাদ্দের আওতায় প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে চালের ডিও (বরাদ্দপত্র) তুলে দেওয়া হয়। এছাড়া হিন্দু কল্যান ট্রাস্টে যে বরাদ্দ দেওয়া হয়েছিলো তাতে প্রধানমন্ত্রী নিজে আরো ৫ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহাদি হাসান শিহাব, উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রনজিত সরকার এবং সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ। এ ছাড়া উপজেলার ৫৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে বিকাল ৩টায় আশাশুনি উপজেলায় ৫৫টি পূজা মন্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *