কালিগঞ্জ প্রতিনিধি : নলতা কে.বি. মোবারক আলী প্রি-ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব মো. আসাদুজ্জামান। বিদ্যালয়ের শিক্ষক মো. মাসুম বিল্লাহ ও জয়ন্ত সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা কচিকাঁচা মেলার সভাপতি আব্দুল্লাহ বারী আল বাকি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা শরীফ ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক শেখ অজিবর রহমান। অনুষ্ঠানে বিদায়ী অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তাঁরা বলেন, শিক্ষার্থীদের জীবনে বিদ্যালয়ের শিক্ষা ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে।
এ সময় প্লে-গ্রুপ, নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়। আনন্দঘন পরিবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।







