নিজস্ব প্রতিনিধি: যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’ প্রকল্পের আওতায় পরিচালিত কোর্সের ৫ম ব্যাচের ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরা শহরের পিৎজা মিলান রেস্টুরেন্টে ৫ম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। ই-লার্নিং লিমিটেড সাতক্ষীরা শাখার কো-অর্ডিনেটর আজিজুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস।
শিক্ষার্থী আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ইসমত আরা বেগম, সহকারী পরিচালক এ. এম. সাইফুল আনাম, ই-লার্নিং লিমিটেড সাতক্ষীরা শাখার সহকারী কো-অর্ডিনেটর জি. এম. শামীম হোসেন, প্রশিক্ষক তাজউদ্দীন আহমেদ জনি, আব্দুল্লাহ আল মামুন ও জাওয়াদ হাসান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহরিয়ার আল রুম্মান, আবু বকর লিমন, জান্নাতুল, মাসুদুল আলম, মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে চাকরির বাজার অত্যন্ত সীমিত; একটি পদের বিপরীতে প্রায় ২ হাজারের বেশি প্রার্থী লড়াই করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দক্ষ হয়ে বৈদেশিক মুদ্রা (রেমিট্যান্স) অর্জনের মাধ্যমে আমাদের দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে প্রযুক্তিনির্ভর এই খাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।







