নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কৃষি ব্যাংক, সাতক্ষীরা শাখার আয়োজনে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলার ১৪ নং ফিংড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাতক্ষীরা মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস. এম. এ. কাইয়ূম। বিশেষ অতিথি ছিলেন ১৪ নং ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক শুকদেব কুমার পাল। উর্দ্ধতন কর্মকর্তা কাজী মাসুদুল হক কৃষকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিংড়ীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, ব্যাংক কর্মকর্তা বিপ্লব কুমারসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রধান অতিথি এস. এম.এ. কাইয়ুম বলেন— “কৃষিই দেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলতে এবং পল্লী উন্নয়নে বাংলাদেশ কৃষি ব্যাংক সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।”
অনুষ্ঠানে যোগ্য ও নির্বাচিত কৃষকদের মাঝে কৃষি ও পল্লী ঋণের চেক ও মঞ্জুরীপত্র বিতরণ করা হয়। উপস্থিত কৃষকরা এ উদ্যোগের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
দিনব্যাপী এ কর্মসূচি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়। কৃষকদের মুখে ফুটে ওঠে স্বপ্ন, আত্মনির্ভরতা ও উন্নত জীবনের প্রত্যয়।







