যশোর, ১০ শ্রাবণ (জুলাই ২৫) : সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচাররোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গুজব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাই এ বিষয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোন তথ্য যাচাই না করে শেয়ার দেওয়া যাবে না।

বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ (শনিবার) যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ছেলে-মেয়েদের নৈতিকতা শিক্ষা দেওয়ার দায়িত্ব পরিবারের। তাদের স্মার্টফোন ব্যবহারে অভিভাবকদের নজর রাখতে হবে। কোরআন ও হাদিসের অপব্যাখ্যা দিয়ে সমাজে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে দিকে ইমামদের সতর্ক থাকতে হবে। একটি ইতিবাচক ও মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশোক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন খান ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক খান সাবু।

মতবিনিময় সভায় যশোরের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম, পুরোহিত, সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

এর আগে প্রতিমন্ত্রী যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে রাঙ্গামাটি গ্যারেজ সড়ক থেকে পন্ডিত পুকুর এলাকার সড়কের উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *