শেখ মনিরুল ইসলাম : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সাতক্ষীরায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বিকেল সাড়ে পাঁচটায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশের জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী। সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, জাসদ নেতা সুধাংশু শেখর সরকার, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, বাসদ নেতা প্রকাশ চন্দ্র মণ্ডল, অ্যাড. আবুল কালাম, মাস্টার আব্দুল জব্বার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, আবু তালেবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জাতীয় স্বার্থ উপেক্ষা করে নির্বাচনের মাত্র তিন দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অসম বাণিজ্যচুক্তি সম্পাদিত হয়েছে, তা দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তারা অবিলম্বে এ চুক্তি বাতিলের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সভায় বক্তারা আরও বলেন, দেশের জনগণের মতামত উপেক্ষা করে কোনো আন্তর্জাতিক চুক্তি গ্রহণ করা উচিত নয়। জাতীয় স্বার্থ রক্ষায় সকল প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *