নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় অ্যাডভোকেট কামরুন নাহার (৪৯) এর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত সাড়ে আটটার দিকে জেলা শহরের সাতক্ষীরা সরকারি কলেজ সংলগ্ন জিয়া হলের পাশে একটি আম বাগানে এই ঘটনা ঘটে।
নিহত কামরুন নাহার জেলা শহরের ‘ক্লেমন সাতক্ষীরা ক্রিকেট একাডেমি’র পরিচালক ও সাবেক ক্রিকেটার একরামুল ইসলাম লালুর স্ত্রী। তাঁর এই আকস্মিক মৃত্যুতে জেলার আইনজীবী সমিতি, ক্রীড়াঙ্গন এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে হঠাৎ করেই সাতক্ষীরা অঞ্চলে তীব্র ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় অ্যাডভোকেট কামরুন নাহার বাড়ির পাশে তাঁদের নিজস্ব আম বাগানে যান। পরবর্তীতে ঝড়ের বেগ কিছুটা কমলে বাগানের একজন কর্মচারী তাঁকে গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
স্থানীয় ক্রিকেটার তানভির সজিব বলেন, আমাদের ক্রিকেট কোচ লালু স্যারের স্ত্রী ঝড়-বৃষ্টির মধ্যে বাগানে গিয়েছিলেন। বাগানের কর্মচারী তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। আমরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা ব্লিচ হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে অ্যাডভোকেট কামরুন নাহারকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। ধারণা করা হচ্ছেÑহৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে অ্যাডভোকেট কামরুন নাহারের মৃত্যুতে সামাজিক যোগযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।







