দীপক শেঠ, কলারোয়া : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৫ জুলাই) বিকালে কলারোয়া হোমিওপ্যাথিক কলেজ সন্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আগামি সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বক্তব্যে তিনি, এ জনপদের সকল মত ও পথের মানুষের সাথে একসাথে চলতে চাই। আপনি যে দল ও মতের হোন না কেন-মিল আমাদের এক জায়গায়। আমরা সকলেই কলারোয়ার মানুষ। আমরা সবাই মিলে কলারোয়াকে গড়তে চাই।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরো বলেন, আমরা চাই আপনারা সাদাকে সাদা আর কালোকে কালো বলুন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে আপন ভাইয়ের মতো। আপনাদের সাথে পরিচিত হতেই এখানে এসেছি। আমি আপনাদের সহযোগিতা কামনা করি।
তিনি আরও বলেন, জামায়াতের পক্ষ থেকে এখানে (তালা-কলারোয়া) নির্বাচন করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনে আমি পাশ করি আর না করি- আমাকে এ ময়দানে থাকতেই হবে। যদি মানুষ আমাকে সমর্থন করেন, আমি বেশি কাজ করতে পারব। কেননা, দায়িত্বে আসলে বেশি কাজ করার সুযোগ পাওয়া যায়।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আজ আমি পরস্পরকে চিনতে ও জানতে এসেছি। এসেছি সম্পর্কের উন্নয়ন ঘটাতে। তালা-কলারোয়া সংসদীয় আসনে দলীয় দায়িত্ব পাওয়া অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরো বলেন, তালা-কলারোয়ার জলাবদ্ধতা মানুষের সৃষ্টি। এটি দূরীকরণের জন্য আপনারা এ সমস্যা সংবাদপত্রে তুলে ধরুন। কেননা, মিডিয়া একটি বিরাট শক্তি। সেই সাথে তালা-কলারোয়ার গ্রামের রাস্তাঘাটের খারাপ অবস্থাও তুলে ধরুন সংবাদ মাধ্যমে। আপনাদের এই সংবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও বেশি নজরে আসবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ড. খাঁন মীজানুল ইসলাম সেলিম, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনি, জামায়াত নেতা অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, মাওলানা আহম্মদ আলি, হাফিজুর রহমান প্রমুখ।
সাংবাদিকদের মধ্য থেকে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, রিপোটার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক এমএ সাজেদ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশিদুল হাসান কামরুল, প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক আতাউর রহমান, মনিরুল ইসলাম মনি, দেলোয়ার হোসেনসহ সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ও প্রভাষক- সাংবাদিক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।







