নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ডিসিআরকৃত জমি জবরদখলের সময় বিএনপি কর্মীদের হামলায় চারজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ধূলিহর ইউনিয়নে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিএনপি কর্মীদের হামলায় আহতরা হলেন জামিনুর মোল্লা(৬৫), মোছা: মর্জিনা খাতুন(৬০), মো: সুমন হোসেন(২৭) ও মো: আবু রায়হান(২০)।
খোঁজ নিয়ে জানা যায়, ধূলিহর ইউনিয়নের জামিনুর মোল্লা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে ২ বিঘা জলাধার ইজারা নিয়ে দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছিলেন। গত ২ মে তারিখে বেলা ১১টার দিকে তার কাছে চাঁদা দাবি করে স্থানীয় বিএনপি কর্মী সাইদ হোসেন।

তখন তিনি তা দিতে অস্বীকার করেন। এরপর আজ শুক্রবার(১৩ জুন) সকালে বিএনপিকর্মী সাইদ সহ জামান মোল্লা, রাজ্জাক মোল্লা, ইকবাল, রফি, লুৎফর, আব্দুল্লাহ্ সহ বেশ কয়েকজন এসে ওই জলাধার জবর দখল শুরু করে। তাদের বাধা দিতে গেলে ইজারা নেওয়া জামিনুর মোল্লা, তার স্ত্রী মর্জিনা খাতুন সহ তার ছেলে সুমন ও রায়হানকে বেধড়ক পিটিয়ে আহত করে তারা। এসময় সুমন মোবাইলে হামলার ভিডিও ধারন করার সময় তার মোবাইলটি কেড়ে নিয়ে ভেঙে দেয় বিএনপি কর্মী সাইদ। এছাড়া তাদের বাড়িতে থাকা একটি মোটরসাইকেল ভাংচুর করে তারা।

গুরুতর আহত জামিনুর মোল্লা বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে ২ বিঘা খাস জলাধার লিজ নিয়ে মাছ চাষ করতাম। বিএনপি কর্মীরা আগেও আমার কাছে চাঁদা চেয়েছে। তা না দেওয়ায় আজ মারধর করেছে। হাতে দা দিয়ে কোপ দিয়েছে।

এদিকে আহত মর্জিনা খাতুন বলেন, সাইদ ও তার সন্ত্রাসী বাহিনা হামলা করার সময় তার ছেলে সুমন সেটা মোবাইলে ভিডিও করছিলো। তাকে মারধর করে মোবাইল ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা।

এ ব্যাপারে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *