দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ জন মাদক সেবীকে আটক করে কারাদন্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে সীমান্তবর্তী চন্দনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজেস্ট্রেট আরিফুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর বাজার সংলগ্ন এলাকায় ৫ জন যুবক মাদক সেবন করছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই ৫ ইয়াবাসেবীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনাস্থলেই আদালতের বিজ্ঞ বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকসেবী প্রথম অপরাধী আবু সাঈদকে ১ বছর কারাদন্ডসহ ১ হাজার টাকা জরিমানা ও অন্যদের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ জনপ্রতি ১ হাজার (এক হাজার) টাকা করে জরিমানা করা হয়েছে। বিভিন্ন মেয়াদে আটককৃতরা হলেন, চন্দনপুর গ্রামের মৃত আবুল হেসেনের ছেলে আবু সাঈদ (৪৫), শার্শা থানার সোহারাব হোসেনের ছেলে সাইফুল ইসলাম(১৯), চন্দনপুরের আব্দুস ছাত্তারের ছেলে সবুজ হোসেন(২৪), আলমগীর হোসেনের ছেলে শরিফুল ইসলাম(২৭) ও আমিনুর রহমানের ছেলে আতিকুর রহমান(২৬)।

বিষয়টি থানা প্রশাসন নিশ্চিত করে জানান, আটককৃত মাদক সেবীদের সাতক্ষীরা কারাগারে প্রেরণ করা হয়েছে। আদালত পরিচালনায় সহায়তা করেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক শেখ মো: জসিমউদ্দীন আকবর, থানা প্রশাসনের কর্মকর্তা ও বেঞ্চ সহকারী আ: মান্নান।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান মাদকদ্রব্য সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *