নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় ১ হাজার ৯৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রিপন হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ গাজীপুর, কাকডাঙ্গা ও হিজলদী বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল বড়ালি এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, গেড়াখালি এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল।
অন্যদিকে, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল বেলতলা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল (১০০ মিলিগ্রাম) ট্যাবলেটসহ মো. রিপন হোসেনকে আটক করা হয়। জব্দ করা এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা।
আটক রিপন হোসেন সাতক্ষীরা সদর উপজেলার ভোমরার লক্ষ্মীদাড়ি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
বিজিবি জানিয়েছে, আটক মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্যের মোট আনুমানিক মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানানো হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।







