কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামে দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচল অনুপযোগী একটি রাস্তা নিজস্ব অর্থায়নে ইট সোলিং করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দিয়েছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সমাজসেবক মেহেদী হাসান বাবু।

স্থানীয়দের মতে, মানবিক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করে চলেছেন। তিনি সংশ্লিষ্ট ওয়ার্ডসহ অত্র ইউনিয়নে বিভিন্ন সময়ে মানবসেবা ও জনকল্যাণকর কাজ করে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল ৯টায় আব্দুল গফফার গাজীর বাড়ি থেকে আব্দুস সাত্তার গাজীর বাড়ি পর্যন্ত অসমাপ্ত রাস্তাটির সোলিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার ইউনুস আলী, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব ওমর ফারুক, সোহাগ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামের উন্নয়ন ও মানুষের দুর্ভোগ লাঘবে রাজনৈতিক নেতাদের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের ভোগান্তি ছিল চরমে।

বক্তারা আরও বলেন, মেহেদী হাসান বাবু’র এমন উদ্যোগ শুধু একটি রাস্তা নির্মাণ নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ। ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *