হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ থানার নলতার কাশিবাটি এলাকার তৃতীয় শ্রেণীর ছাত্রীকে হত্যার ঘটনায় হত্যা ও পাল্টা হত্যাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এবং উত্তেজনা বিরাজ করে। সোমবার (২০ জুলাই) গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করায় এবং হত্যার রহস্য উন্মোচন করার ঘোষনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, কালিগঞ্জ উপজেলার কাশিবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী নলতা গ্রামের এনামুল ইসলামের কন্যা ফারজানা খানম (৮) গত ২০ জুলাই-২০২৬ তারিখে সকাল সাড়ে ৮ টার দিকে স্কুলে যেয়ে স্কুল ব্যাগ রেখে পার্শ্ববর্তী ঝালমুড়ি ব্যবসায়ী সুমাইয়া বেগম (২৬) এর বাড়ীতে যায়। দুপুরে প্রতিদিনের ন্যায় খাওয়ার জন্য বাড়ীতে না যাওয়ায় ফারজানার অভিভাবক ও এলাকাবাসী খোঁজাখুঁজি করতে থাকে।
এক পর্যায়ে নিশ্চিত হয়ে এলাকাবাসী ঝালমুড়ি ব্যবসায়ী সুমাইয়ার বাড়ীতে তল্লাশী চালায় এবং ঘরের আলমারীর ড্রয়েরের মধ্য থেকে হাত, পা বাঁধা ৩য় শ্রেনীর ছাত্রীর মৃতদেহ বেরিয়ে আসে। এলাকাবাসী তখন লাঠি ও ইটের আঘাতে ঝালমুড়ি ব্যবসায়ী সুমাইয়াকে হত্যা করে। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান এবং সুরতহাল সম্পন্ন করে মর্গে পাঠান।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করে। এসংবাদে সোমবার গভীর রাতে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন, পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করে সকল স্তরের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনের পরে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।
এসময়ে অতিরিক্ত ডিআইজি পৃথক দুটি ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ওসিসহ সকলকে নির্দেশ দেন এবং এলাকাবাসীকে আইন হাতে তুলে না নেওয়ার জন্য অনুরোধ করেন। ঘটনা ঘটার সাথে সাথে অর্ধতন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করায় উক্ত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং জনসাধারনের মধ্যে সস্তি ফিরে এসেছে।







