নিজস্ব প্রতিনিধি : দেশজুড়ে একযোগে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধনের অংশ হিসেবে সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বৃক্ষ রোপণ, পরিবেশ সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এরই ধারাবাহিকতায় ডি.বি ইউনাইটেড হাইস্কুল প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে হরতিকি, মেহগনি ও চালতে গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতামূলক একটি র্যালি বিদ্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে।
ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃক্ষ রোপণ কর্মসূচির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ যেমন পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে শীতল রাখে, তেমনি বায়ুমন্ডলের ক্ষতিকারক কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বায়ুদূষণ ও গ্লোবাল ওয়ার্মিং কমায়। গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। গাছ পরিবেশের সবচেয়ে উপকারী বন্ধু। মানব জীবনে গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কাঠ, ফল থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু দেখতে পাচ্ছি সবই গাছের অবদান।”
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক আবুল হাসান, আকলিমা খাতুন, মাওলানা মহসীন উদ্দীন, রেহেনা পারভীন, জয়দেব বাছাড়, ফয়জুল হক বাবু, ভবতোষ সরকার, সুকুমার সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রমেশ সরদার, মো. মুকুল হোসেন ও আল-মামুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন। দুর্যোগ মোকাবিলা ও পরিবেশ রক্ষায় বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।







