শেখ মনিরুল ইসলাম : দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ড্রেনেজ সংস্কার কাজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ মোড়সংলগ্ন কাটিয়া সরকারপাড়া এলাকায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

উন্নয়নকাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক। এ সময় স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম,দৈনিক সাতক্ষীরার সকাল এর সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, এম এম বিল্লাহ, ইসলামী ব্যাংক ম্যানেজার হাবিবুল্লাহ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, স্থানীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের সরকারি বাজেট বরাদ্দের আওতায় পৌর এলাকার বিভিন্ন স্থানে ড্রেনেজ সংস্কারসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে কাটিয়া সরকারপাড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে এ সংস্কার কাজ শুরু হয়েছে।
উদ্বোধনকালে প্রভাষক ওমর ফারুক বলেন, জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা সরকারি বরাদ্দে এ ধরনের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। তাদের আশা, এ উদ্যোগের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা অনেকটাই দূর হবে।

এদিকে একই সময়ে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফুলতলা বাজার এলাকায় আরও একটি ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আমিরুর ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *