নিজস্ব প্রতিনিধি : দেশের অন্যতম অর্থনৈতিক পত্রিকা দৈনিক বাণিজ্য প্রতিদিন-এর সঙ্গে যুক্ত হয়েছেন কাজী সাজেদুর রহমান। সম্প্রতি তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তার যোগদানপত্র তুলে দেন বাণিজ্য প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন।

যোগদানকালে কাজী সাজেদুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে আমি গণমাধ্যমের সঙ্গে কাজ করছি। আজ থেকে বাণিজ্য প্রতিদিনের সঙ্গে আমার নতুন পথচলা শুরু হলো। আশা করি, সবার সহযোগিতা নিয়ে আগামীতে পত্রিকাটিকে দেশের শীর্ষ অর্থনৈতিক দৈনিকে পরিণত করতে পারব।”

এ বিষয়ে সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন বলেন, “কাজী সাজেদুর রহমানকে বাণিজ্য প্রতিদিন পরিবারের অংশ হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তার মেধা, অভিজ্ঞতা ও শ্রম পত্রিকাটিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

কাজী সাজেদুর রহমানের জন্ম সাতক্ষীরা জেলায়। তিনি খুলনা জেলা স্কুল থেকে এসএসসি এবং খুলনা সুন্দরবন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

পড়াশোনা শেষে তিনি ব্যবসায় যুক্ত হন। পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের লক্ষ্যে তিনি কেপিসি ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব ডিসপোজেবল পেপার কাপ উৎপাদন করে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত কাজী সাজেদুর রহমান বর্ষসেরা এসএমই উদ্যোক্তা হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। তিনি পেপার কাপ ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি।

তার রচিত দুটি বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে— “উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়নের রূপরেখা” এবং “প্রকল্প”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *