তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : যুব উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার তালা উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হয়েছেন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান।

রবিবার (১ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুবদিবসের অনুষ্ঠানে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ঘোষণা করা হয়। এ সময় তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

২০১৫ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে ‘আমরা বন্ধু’ সংগঠনের যাত্রা শুরু করেন নাহিদ হাসান। এক দশকের বেশি সময় ধরে তিনি শিশু অধিকার প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা, যুব নেতৃত্বের বিকাশ ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

এ অর্জনের প্রতিক্রিয়ায় এস. এম. নাহিদ হাসান বলেন, “এ সম্মাননা আমার একার নয়; এটি আমাদের সংগঠনের সব স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীর সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা হিসেবে এ অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।”

উল্লেখ্য, এস. এম. নাহিদ হাসান তালা প্রেসক্লাবের নির্বাহী কমিটির একজন সদস্য। তাঁর এ অর্জনে তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুকসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় তরুণসমাজ অভিনন্দন জানিয়েছেন। তিনি আরও বেশি সামাজিক ও মানবিক কাজে অবদান রাখবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *