স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব ও প্রধান শিক্ষক সানজিদা শাহনাজের সঞ্চালনায় সভায় ম্যানেজিং কমিটির সহসভাপতি আকবর হোসেন লস্কর, সদস্য মোঃ রবিউল ইসলাম, মারিয়া সুলতানা, উজ্জ্বল চক্রবর্তী, মোঃ হবিবর রহমান, শেখ আব্দুল ওয়াজেদ, জেসমিন খাতুন, শিরীনা খাতুন ও সামছুন্নাহার উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সামনে রেখে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, নজরুল বর্ষ উদ্যাপন এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের জন্য অনুকূল শিক্ষার পরিবেশ তৈরির বিষয়ে সদস্যরা মতামত দেন। আলোচনা শেষে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করা ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ম্যানেজিং কমিটি এবং শিক্ষকরা সমন্বিতভাবে কাজ করবেন। এ ক্ষেত্রে অভিভাবকদেরও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
প্রধান শিক্ষক ও সদস্যসচিব সানজিদা শাহনাজ বলেন, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে শিক্ষার্থীদের প্রস্তুতি ও উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে তাদের অংশগ্রহণ বাড়াতে বিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ।







