নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাজ্জাদ হুসাইনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর তিন সহকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে অভিযুক্ত তিন শিক্ষক হলেন—সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু মুছা, ডালিয়া আহম্মেদ ও নাজমুল আনাম।

জিডিতে সাজ্জাদ হুসাইন উল্লেখ করেন, বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম এবং শিক্ষকদের আগমন-প্রস্থান নিয়ে অভিযুক্তদের সঙ্গে বিভিন্ন সময়ে তাঁর বিরোধ চলে আসছিল। এর জেরে গত সোমবার (১৭ আগস্ট) সকাল আনুমানিক নয়টার দিকে বিদ্যালয়ে অবস্থানকালে ওই তিন শিক্ষক তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এ সময় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধরের জন্য উদ্যত হন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন বলে জিডিতে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে প্রথম ও দ্বিতীয় অভিযুক্ত মো. আবু মুছা ও ডালিয়া আহম্মেদ তাঁকে খুন ও জখম করে লাশ গুম করে দেওয়ার হুমকি দেন বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহুরুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার। তাঁরা ছাড়াও আরও কয়েকজন ঘটনা সম্পর্কে জানেন বা শুনেছেন বলে জিডিতে উল্লেখ করেছেন সাজ্জাদ।

এর আগে একই ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন সাজ্জাদ হুসাইন। ওই অভিযোগের পর ১৮ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সাজ্জাদ হুসাইনের অভিযোগ, বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ও শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিয়ে মতবিরোধের জের ধরে তাঁর সঙ্গে কয়েকজন সহকর্মীর বিরোধ তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *