নিজস্ব প্রতিনিধি : দারিদ্র্য ও বৈষম্য অবসানে কার্যকর সামাজিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে সাতক্ষীরায় আঞ্চলিক জনসম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
‘দারিদ্র্য ও বৈষম্য অবসানে চাই সামাজিক সুরক্ষা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বেলা ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এ আঞ্চলিক জনসম্মিলন অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সহযোগী সংগঠন স্বদেশের উদ্যোগে আয়োজিত জনসম্মিলনে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সংগঠনটির নির্বাহী পরিচালক মাধব দত্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক জেলা শিক্ষা অফিসার ও কবি কিশোরী মোহন সরকার, অধ্যাপক পবিত্র মোহন দাস, বরেণ্য কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, কবি ও লেখক শেখ সিদ্দিকুর রহমান, নাগরিক নেতা আলী নূর খান বাবুল, উন্নয়নকর্মী সাকিবুর রহমান বাবলা, বায়েজিদ হাসান প্রমুখ। জাতীয় জনসম্মিলন-২০২৬-এর ধারণাপত্র পাঠ করেন উন্নয়নকর্মী শ্যামল বিশ্বাস।

জনসম্মিলনে বক্তারা বলেন, দেশের দারিদ্র্য ও বৈষম্য কমাতে শুধু অর্থনৈতিক উন্নয়ন যথেষ্ট নয়; সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কার্যকর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, দারিদ্র্য মানুষের জীবনযাত্রার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদার ওপরও প্রভাব ফেলে। তাই সামাজিক সুরক্ষাকে শুধু ভাতা বা আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের অধিকার, মর্যাদা ও সক্ষমতা বৃদ্ধির সঙ্গে যুক্ত করতে হবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, ন্যায্য মজুরি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বৈষম্য কমানোর উদ্যোগ নিতে হবে।

সাতক্ষীরাসহ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি ও কার্যকারিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।
জনসম্মিলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উন্নয়নকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, লেখক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *