হাফিজুর রহমান শিমুল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে” সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১১ নং রতনপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী, প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক শেখ আলমগীর হোসেন তাঁর নির্বাচনী অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন।
তিনি নির্বাচিত হলে জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, ন্যায়, ইনসাফভিত্তিক, মডেল ও আধুনিক রতনপুর ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। শেখ আলমগীর হোসেন বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনই হবে তাঁর অন্যতম লক্ষ্য।
একই সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কৃষি, সামাজিক নিরাপত্তা এবং মানবিক সেবাকে অগ্রাধিকার দিয়ে একটি উন্নত ও বাসযোগ্য ইউনিয়ন প্রতিষ্ঠায় কাজ করবেন বলেও তিনি জানান। তাঁর ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে শিশুর জন্মের পর প্রথম জন্মনিবন্ধন বিনামূল্যে সম্পন্ন করা, নতুন উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে ট্রেড লাইসেন্স প্রদান, ইউনিয়নের সকল রাস্তা ও ড্রেনের উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার, কৃষির আধুনিকায়ন এবং প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।
এ ছাড়া তিনি মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ গ্রহণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। শেখ আলমগীর হোসেন বলেন, “আপনাদের ভোট ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।
আপনাদের আস্থা ও সহযোগিতা পেলে রতনপুর ইউনিয়নকে একটি উন্নত, নিরাপদ, সুশাসিত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। জনগণের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।
স্থানীয়দের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে তাদের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার জনগণের সামনে তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় শেখ আলমগীর হোসেনও তাঁর উন্নয়ন ভাবনা ও জনকল্যাণমূলক কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন।







