নিজস্ব প্রতিনিধি : দেবহাটার টিকেট গ্রামের এক প্রতিবন্ধীর কন্যা মাদ্রাসা পড়ুয়া দশম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের ১৭দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোন সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে অপহৃতের পরিবার ।

টিকেট গ্রামের শারিরীক প্রতিবন্ধী শেখ আলমগীর কবির রানা গতকাল সন্ধ্যায় বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের জানান-তার কন্যা স্থানীয় গাভা আদর্শ দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী সানজিদা খাতুন(১৫) কে গত ১২মার্চ প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের মোক্তার গাজীর মাদকাসক্ত বখাটে পুত্র মেহেদী হাসান (১৭)এর নেতৃত্বে আরও ৩/৪জন জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়।

এসময় তার সাথে থাকা এক সহপাঠী তাদের বাঁধা দিলে তাকে লাথি দিয়ে ফেলে দেয়। পূর্ব থেকে ওতপেতে থাকা অপহরণকারীরা দ্রুতগামী একটি মাহেন্দ্র গাড়িতে তুলে নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে অপহরণকারী মেহেদী হাসানের পিতা মোক্তার গাজী ও মাতা হাসিনা খাতুনকে জানানো হলে তারা অপহৃত ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে দেওয়ার আশ্বাস দেয়।

কিন্তু তারা উদ্ধার না করে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকে। অপহৃত মাদ্রাসা শিক্ষার্থী সানজিদা খাতুনকে উদ্ধার করতে তার পিতা আলমগীর কবির রানা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে কোন সন্ধান না পাওয়ায় দেবহাটা থানায় লিখিত অভিযোগ করে।

অভিযোগ পেয়ে দেবহাটা থানার পুলিশ ভিকটিম সানজিদা খাতুনকে উদ্ধার করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে দেবহাটা থানার পুলিশ অদৃশ্য কারণে এঘটনায় থানায় মামলা না নিয়ে ভিকটিমের প্রতিবন্ধী পিতাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। অপহরণের শিকার মাদ্রাসা শিক্ষার্থীর পরিবার দীর্ঘ ১৭দিনেও উদ্ধার না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে। এঘটনায় ভিকটিমের পিতা তার কন্যাকে উদ্ধারে অবিলম্বে সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *