নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের একটি মৎস্য ঘেরের জমি নিয়ে বিরোধের জের ধরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বকচরা গ্রামের মৃত সোলাইমান লস্করের পুত্র আরিজুল ইসলামের ৪ বিঘা জমির একটি মৎস্য ঘেরের জমি নিয়ে প্রতিপক্ষ একই গ্রামের মৃত সৈয়েদার রহমানের পুত্র আব্দুস সবুর,মৃত মতিয়ার রহমানের পুত্র হবিবর রহমান, মৃত আনারউদ্দীনের পুত্র সোহরাব হোসেন এবং সোহরাবের পুত্র আমির হামজা ও আল আমিনের মধ্যে বিরোধ চলছিল।
উক্ত বিরোধের জেরে গত ১৬মে বিকেলে বিবাদীরা বেআইনী জনতা দলবদ্ধ ভাবে জোরপূর্বক সম্পুর্ন অবৈধভাবে ঘেরের সেচ পাম্পের ঘর ভাঙচুর, ঘেরের ভেড়িতে লাগানো বিভিন্ন তরকারি গাছ কর্তনসহ ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করে তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এঘটনায় ভুক্তভোগী আরিজুল ইসলাম সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান জানান- অভিযোগ পাওয়ার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







