মেহেদী হাসান শিমুল : সাতক্ষীরার ব্রহ্মরাজপুর-ধুলিহর-ফিংড়ি (বিডিএফ) প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম। শনিবার (৭ নভেম্বর) রাতে বিডিএফ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দৈনিক পত্রদূত-এর নিজস্ব প্রতিনিধি ও বিডিএফ প্রেসক্লাবের সভাপতি জি এম আমিনুল হক।
মতবিনিময়কালে জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম বলেন, সাংবাদিকদের তিনি নিজের পরিবারের সদস্য মনে করেন। দায়িত্ব পালনকালে চার বছর দুই মাসে শতাধিক সাংবাদিককে আর্থিক সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছেন।
সাংবাদিকরা বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর কাছে এলে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজ পরিবর্তনের অন্যতম বড় হাতিয়ার। তাঁদের লেখনির মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড, জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র তুলে ধরা সম্ভব। উন্নয়নমূলক সংবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতেও সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় তাঁর সততা। তাই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সততা ও নৈতিকতা বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগের বার্তার সাংবাদিক অমিত কুমার ঘোষ ও দৈনিক একুশের সংবাদের সাতক্ষীরা প্রতিনিধি মো. মাসুদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সহসভাপতি ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক মো. মুকুল হোসেন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শিমুল সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, সাংবাদিক এম এম জয়নাল, এস এম রানা, মোস্তাকিম হোসেন, মো. সাইদসহ প্রেসক্লাবের সদস্যরা।







