নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. দিলারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছে শিক্ষক সংগঠন ‘জিরো পেইন ক্লাব’। এ উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শহীদ নাজমুল সরণীস্থ ম্যানগ্রোভ সভাঘরে এক আবেগঘন শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন জিরো পেইন ক্লাবের সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক অলিয়ার রহমান রিপন। সভায় শোক প্রকাশ করে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান, আশাশুনি সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলি, অধ্যাপক ভারতেশ্বরী বিশ্বাস, অধ্যাপক মোমেনা খানম, জেলা নাগরিক কমিটির সদস্য আলি নুর খান বাবুল, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, অ্যাডভোকেট মুনীরউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা সুভাস সরকার, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট ফেরদৌসি লুচি, অধ্যাপক মহিউদ্দীন আহমেদসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, প্রফেসর ড. দিলারা বেগম ছিলেন একজন প্রথিতযশা শিক্ষাবিদ, নিরহংকার, সদালাপী ও মানবিক মানুষ। শিক্ষাঙ্গনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক পরিসরেও তাঁর অবদান ছিল গভীর ও স্থায়ী। তাঁর নেতৃত্ব, প্রজ্ঞা ও ব্যক্তিত্ব শিক্ষার্থী, সহকর্মী ও সাধারণ মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, ড. দিলারা বেগমের মৃত্যুতে সাতক্ষীরাবাসী একজন আলোকিত মানুষ, একজন নক্ষত্রসম ব্যক্তিত্বকে হারালো—যাঁর স্মৃতি ও কর্ম যুগ যুগ ধরে মানুষকে পথ দেখাবে। সভার শুরুতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।








