শাহ জাহান আলী মিটন : নবজাতক ও শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৩ আগস্ট) বিকেলে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লি. এর আয়োজনে হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মুহ. মাহবুবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ ডাক্তার এম.ডি মারুফুজ্জামান।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার এম.ডি মারুফুজ্জামান বলেন, “একটি শিশুর ভবিষ্যতের শারীরিক ও মানসিক বিকাশের মূল ভিত্তি তৈরি হয় তার নবজাতক কাল এবং প্রাথমিক শৈশবে। এই সময়ে সঠিক পুষ্টির অভাব হলে শিশু স্থায়ী পুষ্টিহীনতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগতে পারে। মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। শিশুর বয়স ছয় মাস পূর্ণ হওয়ার পর থেকে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পুষ্টিকর সুষম খাবার দিতে হবে।

বাইরের কৃত্রিম ও প্রক্রিয়াজাত খাবার শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাই প্রতিটি পরিবারে শিশুদের পুষ্টির বিষয়ে মা-বাবাসহ সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে।”সভাপতির বক্তব্যে মুহ. মাহবুবুর রহমান বলেন, “ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল শুধু চিকিৎসাসেবা দিয়েই ক্ষান্ত নয়, বরং জনসচেতনতা বৃদ্ধিতেও নিরলস কাজ করে যাচ্ছে। শিশুদের সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে এই ধরণের তথ্যবহুল সেমিনার আগামীতেও অব্যাহত থাকবে।”

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মনজুরুল ইসলাম খান, সিনিয়র অফিসার ও হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আউয়াল এবং আরএমও ডাক্তার মোঃ আসলাম হোসেন। এছাড়াও হাসপাতালের সকল মেডিকেল অফিসার, নার্স এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত সেমিনারে অংশ নেন। বক্তারা শিশুদের পুষ্টিমান বজায় রাখতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানসম্মত পরামর্শগুলো তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *