জি.এম.আমিনুর রহমান : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীর শৈলখালী ধান ক্ষেত থেকে নিখোঁজের চার দিন পর মনোরঞ্জন মন্ডল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মনোরঞ্জন মণ্ডল শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চার দিন আগে ধানক্ষেতে কীটনাশক প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মনোরঞ্জন মন্ডল। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

তাঁর খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। অবশেষে সোমবার সকালে শৈলখালীর একটি ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা মরদেহটি মনোরঞ্জন মন্ডলের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি বৃদ্ধ মানুষ ও পরিশ্রমী কৃষক। ধারণা করা হচ্ছে, ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *