পরিতোষ কুমার বৈদ্য : শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি : সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা, বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ, নির্যাতন, মুক্তিপণ আদায় ও বড় অঙ্কের চাঁদাবাজি বন্ধের দাবিতে সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন উপকূলে নৌ-সমাবেশ ও বিক্ষোভ করেছেন বনজীবীরা।

সোমবার (৯ নভেম্বর) সকালে ধারাবাহিক জলদস্যুমুক্ত সুন্দরবন আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২০০টি নৌকায় জেলে, বাওয়ালি ও বিভিন্ন শ্রেণি-পেশার বনজীবীরা অংশ নেন।

এ সময় সুন্দরবনের উপকূলীয় এলাকায় নৌকায় অবস্থান নিয়ে তাঁরা জলদস্যুদের দৌরাত্ম্য বন্ধ, বনজীবীদের নিরাপদে বনে প্রবেশের সুযোগ এবং অপহৃতদের উদ্ধার ও মুক্তিপণ আদায় বন্ধের দাবিতে প্রতিবাদ জানান। ব্যতিক্রমী এ নৌ-সমাবেশের মাধ্যমে বনজীবীরা তাঁদের জীবন-জীবিকার সংকটের বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

বনজীবীদের অভিযোগ, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জলদস্যুদের তৎপরতা ও চাঁদাবাজি বেড়ে যাওয়ায় তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বনে প্রবেশের আগে বিভিন্ন জলদস্যু দলের কাছে বড় অঙ্কের টাকা দিতে হচ্ছে। কথিত অগ্রিম কার্ড বা টোকেনের নামে চাঁদা আদায়ের পাশাপাশি কোনো দলের সঙ্গে আর্থিক সমঝোতা না হলে জেলে-বাওয়ালিদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে জীবিকার একমাত্র অবলম্বন সুন্দরবনে যেতে ভয় পাচ্ছেন অনেক বনজীবী। অনেকে বাধ্য হয়ে বনে যাওয়া বন্ধ রেখেছেন।

আন্দোলনকারীরা বলেন, প্রশাসনের পক্ষ থেকে জলদস্যুদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও তাতে প্রত্যাশিত সাড়া মিলছে না। ফলে সুন্দরবনের বিভিন্ন এলাকায় জলদস্যুদের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির অভিযোগ অব্যাহত রয়েছে। বনজীবীদের অভিযোগ, নিয়মিত ও কার্যকর টহল না থাকায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের দাবি, শুধু আত্মসমর্পণের আহ্বান নয়, আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের বিরুদ্ধে সমন্বিত ও কার্যকর অভিযান পরিচালনা করতে হবে।

নৌ-সমাবেশে জাতীয়তাবাদী কৃষক দলের সাতক্ষীরা জেলা আহ্বায়ক ও আন্দোলনের সমন্বয়ক সালাহ উদ্দিন লিটন, শ্যামনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, গাবুরার মাস্টার আব্দুর রহিম, আরাফাত হোসেন, মিসেস ফরিদা পারভীনসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক বনজীবী অংশ নেন। তাঁরা সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে গত ১ নভেম্বর শ্যামনগর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১২ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন বনজীবীরা। ওই কর্মসূচি ছিল ঘোষিত পাঁচ দিনের ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির চতুর্থ দিন। স্মারকলিপিতে জলদস্যুদের চিহ্নিত করে বিশেষ যৌথ অভিযান, আধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার, অপহৃত বনজীবীদের দ্রুত উদ্ধার, কোস্টগার্ড, নৌ-পুলিশ, র‍্যাব ও বন বিভাগের টহল জোরদার এবং বৈধ পারমিটধারীদের বিনা চাঁদায় নিরাপদে বনে প্রবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এদিকে আন্দোলনের মধ্যেই সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নতুন করে জেলে অপহরণের খবর পাওয়া গেছে। ৮ নভেম্বর প্রকাশিত সংবাদ অনুযায়ী, নোটাবেকি, আগুনঝাড়া, জালধাকা, চালতেবেঁড়ে ও রায়মঙ্গল নদী এলাকা থেকে ১১ জন জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। তাঁদের প্রত্যেকের মুক্তির জন্য এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে স্বজনদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম। বন বিভাগের পক্ষ থেকে টহল অভিযান চালানোর কথা জানানো হলেও এত বড় বনাঞ্চলে এককভাবে অভিযান পরিচালনা করা কঠিন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বন কর্মকর্তা।

এর আগে ২৭ অক্টোবর শ্যামনগরের সুন্দরবন এলাকায় কোস্টগার্ডের অভিযানে জলদস্যুদের জিম্মিদশা থেকে পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় একটি আগ্নেয়াস্ত্র, গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছিল। এসব ঘটনা সুন্দরবনের বনজীবীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বনজীবীদের বক্তব্য, সুন্দরবন তাঁদের কাছে শুধু জীবিকার উৎস নয়, এটি তাঁদের জীবন-জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা অস্তিত্বের অংশ। অথচ সরকারি অনুমতি নিয়ে বনে প্রবেশ করেও যদি জলদস্যুদের কাছে চাঁদা দিতে হয়, অপহরণ ও নির্যাতনের শিকার হতে হয়, তাহলে তাঁদের নিরাপত্তা কোথায়? তাঁরা মনে করেন, সুন্দরবনের বাঘ, হরিণসহ বন্যপ্রাণী এবং সামগ্রিক জীববৈচিত্র্য রক্ষার স্বার্থেও জলদস্যুতা বন্ধ করা জরুরি।

নৌ-সমাবেশ থেকে বনজীবীরা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি দৃষ্টি আকর্ষণ করে সুন্দরবনে জলদস্যুদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, বনজীবীদের নিরাপত্তায় নিয়মিত নৌ-টহল নিশ্চিত, অপহৃতদের উদ্ধার, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং সুন্দরবনে স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহের পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

তাঁদের স্পষ্ট বক্তব্য, বনজীবীদের জানমালের নিরাপত্তা কোনো করুণা নয়, এটি তাঁদের মৌলিক অধিকার। সুন্দরবন জলদস্যুমুক্ত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *