নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সাতক্ষীরার ধুলিহর ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘সততা সংঘ’ পুনর্গঠন করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় মিলনায়তনে এক পরিচিতি ও কর্মপরিকল্পনা সভার মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা সাকিবুর রহমান বাবলা। তিনি নবগঠিত কমিটির শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শপথ করান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় বিদ্যালয়ের মেধাবী ও সৎ শিক্ষার্থীদের মধ্য থেকে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে দশম শ্রেণির শিক্ষার্থী লামিয়া আলিফ সভাপতি এবং নবম শ্রেণির রিয়া মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেনÑসহসভাপতি জয়নব তাসনিম মৌ ও তাহিরা আক্তার মিম, যুগ্ম সম্পাদক সাদিয়া আফরিন, কোষাধ্যক্ষ ঐশিকা দাশ এবং সদস্য লামিয়া সুলতানা হীরা, জাকিয়া সুলতানা, মারিয়া আক্তার, সাবরিন সুলতানা ও নুসরাত জাহান তাসনিম।

কমিটির কার্যক্রম তদারকির জন্য প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামকে সভাপতি ও জ্যেষ্ঠ শিক্ষক মো. নজিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের একটি পরামর্শক কাউন্সিলও গঠন করা হয়। কাউন্সিলে সদস্য হিসেবে আছেন মোহাম্মদ সাকিবুর রহমান বাবলা ও ভানুবতী সরকার। অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।








