মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ যেসব আদালতে বিচারকের পদ শূন্য রয়েছে, সেসব আদালতে দ্রুত বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনের সামনে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরার উদ্যোগে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের জয়েন্ট কনভেনার মাধব দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নেটওয়ার্কের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, দ্য ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোস্তফা আসাদুজ্জামান দিলু, সাতক্ষীরা জজ কোর্টের অ্যাডভোকেট সৌরভ হোসেন, নেটওয়ার্কের সদস্য সাবিনা ইয়াসমিন লিমাসহ অনেকে।
বক্তারা বলেন, আদালতে বিচারক না থাকায় বিচারপ্রার্থী সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার পথ কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে জরুরি ভিত্তিতে বিচারক নিয়োগের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, বিচার বিভাগের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সাতক্ষীরার যেসব আদালতে বিচারকের পদ শূন্য রয়েছে, সেসব পদে দ্রুত নিয়োগ দেওয়া প্রয়োজন। এতে মামলা জট কমার পাশাপাশি বিচারপ্রার্থীদের ভোগান্তিও অনেকাংশে কমবে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্যসচিব অ্যাডভোকেট মনিরুদ্দিন। মানববন্ধনে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।







