নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মাছখোলা সোনালী স্পোটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জমকালো ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। ২৯ আগস্ট শনিবার সকাল ৯ টায় স্থানীয় যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে এবং এলাকায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ঢালী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ফুটবল খেলার কোনো বিকল্প নেই। মাছখোলা সোনালী স্পোর্টিং ক্লাব প্রতিনিয়ত এ ধরনের আয়োজন করে এলাকার তরূণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে অনন্য ভূমিকা রাখছে। মাছখোলা সোনালী স্পোর্টিং ক্লাবের একটিভ সদস্য সাগর, শাহাদাত, আনিছুর, ইমন, অমিত পারভেজ রাকিব, জুবায়ের, ওয়ালিদ, রহিত, নাইম, আরিয়ান, আরিফুল, সিয়াম, ইমদাদুল, মুস্তাকিমসহ আরো অনেকে এই নকআউট টুর্নামেন্ট এর আয়োজন করে।
টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৮টি শক্তিশালী ফুটবল দল মাছখোলা সোনালী স্পোর্টিং ক্লাব চালতে তলা, শিবতলা তলা, ক্লাব মোড় ২ দল, শাল্যে,পার মাছখোলা অংশ নিয়েছিলো। নকআউট পদ্ধতির এই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচই দলগুলোর জন্য বাঁচা-মরার লড়াই হওয়ায় মাঠজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করে। উদ্বোধনী খেলায় মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয় ফুটবলপ্রেমীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই টুর্নামেন্ট উপভোগ করছেন।
আয়োজক কমিটি অত্যন্ত সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে পুরো টুর্নামেন্টটি সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার প্রস্তুতি নেয়। নির্ধারিত সময়ে চমৎকার নৈপুণ্য দেখিয়ে অবশেষে চালতে তলা একাদশকে পরাজিত করে জয়ের বন্দরে পৌঁছে যায় মাছখোলা ক্লাব মোড় ফুটবল একাদশ। সচেতন মহল মনে করেন, যুবসমাজের এমন ইতিবাচক উদ্যোগ প্রতিটি গ্রামেই নেওয়া উচিত, যা তরূণদের মোবাইল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে মাঠে ফিরিয়ে আনবে। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে আকর্ষণীয় প্রাইজমানি তুলে দেওয়া হয়।







